নরসিংদীতে শ্রমিক লীগের কমিটি বাতিলের দাবি

নরসিংদীতে জেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গত রোববার সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলা ও শহর এবং মাধবদী শহর শাখা শ্রমিকলীগের উদ্যোগে পৌরসভা কার্যালয়ের সামনে স্বাধীনতা চত্বরে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। সমাবেশে বিতর্কিত কমিটির বাতিলের দাাব জানানো হয়। অবিলম্বে বিতর্কিত নতুন আহ্বায়ক কমিটি বাতিল না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।

নরসিংদী উপজেলা শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শ্রমিকলীগের সাবেক আহ্বায়ক রিপন সরাকার, সাবেক সদস্য সচিব জামাল উদ্দিন জামান, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সোহেল প্রধান, শহর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালাম, মাধবধী পৌর শ্রমিকলীগের সভাপতি মামুন মিয়া, সাধারণ সম্পাদক অলিউল্লাহ প্রমুখ।

সমাবেশ শেষে নরসিংদী পৌরসভার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।