অবৈধ সম্পদ অর্জনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) হেফাজতে নেওয়া হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাবেক সহসভাপতি এনামুল হক আরমানকে। গতকাল সোমবার বিকেলে দুদকের কর্মকর্তারা তাকে কেরানীগঞ্জ কারাগার থেকে কমিশনে নিয়ে আসেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
আরমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে ১২ নভেম্বর মামলা করে দুদকের উপপরিচালক সালাউদ্দিন। তার বিরুদ্ধে ২ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়। ১৭ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ দুদকের মামলায় আরমানের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুদক তাকে ছয় দিন জিজ্ঞাসাবাদ করবে।
রাজধানীর ক্যাসিনোকা-ে আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের ক্যাশিয়ার হিসেবে পরিচিত বহিষ্কৃত সহসভাপতি আরমান। বলা হয়, ক্যাসিনো, চাঁদাবাজি ও টেন্ডারবাজির টাকার বড় অংশ আরমানের কাছে রাখতেন সম্রাট। ‘লাগেজ পার্টি’ থেকে যুবলীগ, ক্যাসিনো ও সিনেমা প্রযোজক হয়ে আরমান দাপিয়ে বেড়িয়েছেন সব জায়গায়। সম্রাটের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের সুবাদে ২০১৩ সালে যুবলীগের মহানগর দক্ষিণের সহসভাপতির পদ পান আরমান। গত ৬ অক্টোবর কুমিল্লা থেকে সম্রাটের সঙ্গে গ্রেপ্তার হন আরমানও। গ্রেপ্তারের সময় মদ্যপ অবস্থায় থাকায় ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়।