চট্টগ্রামে ইপিজেড এলাকার গার্মেন্টস কর্মীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাতে বন্দরটিলার ব্যাংক কলোনির একটি বাসায় রোকসানা আক্তার (২৯) নামে ওই গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী বেলাল পলাতক। এ ঘটনায় বোন লাকি আক্তার থানায় একটি হত্যা মামলা করেন। রোকসানা বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা বেলাল হোসেনের স্ত্রী। ইপিজেড
থানার ওসি নুরুল হুদা দেশ রূপান্তরকে বলেন, রোকসানা ও তার স্বামী বেলাল চট্টগ্রামে পৃথক দুটি গার্মেন্টসে চাকরি করতেন। দুই মাস আগে তারা চাকরি ছেড়ে বাড়িতে চলে যান। গার্মেন্টসের বকেয়া পাওনা নেওয়ার জন্য গত শুক্রবার তারা চট্টগ্রামে এসে রোকসানার ভাইয়ের ব্যাংক কলোনির ভাড়া বাসায় ওঠেন।
স্বজনদের বরাত দিয়ে ওসি আরও বলেন, গত রবিবার সকালে রোকসানার ভাবি কারখানায় কাজে যাওয়ার সময় রোকসানা ও তার স্বামীকে ঘরে রেখে যান। সন্ধ্যায় ফেরার পর বাসায় ছিটকিনি লাগানো দেখেন ভাবি। এরপর দরজা খুলে বাসায় ঢুকলে রোকসানাকে খাটে শোয়া অবস্থায় দেখতে পান। কয়েকবার ডাকার পর সাড়া না দেওয়ায় প্রতিবেশীদের ডেকে আনেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি বলেন, স্বজনরা জানিয়েছেন, বেলাল ও রোকসানার বিয়ে হয় ১২ বছর আগে কিন্তু গত বছর বেলাল আরেকটি বিয়ে করেন। এরপর থেকে দাম্পত্য কলহ লেগে থাকত। এ ঘটনায় মামলার পর বেলালকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।