পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের প্রতিটি রাস্তার দুপাশে গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অতিবৃষ্টি, রোদে সড়ক ও পরিবেশকে বিভিন্ন ক্ষতির হাত থেকে গাছ রক্ষা করে। এজন্য দেশের প্রতিটি রাস্তার পাশে গাছ লাগাতে হবে। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন। শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ হাজার ৩১২ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ৬টি প্রকল্প অনুমোদন দেন। সভা শেষে এসব তথ্য সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
একনেকে যশোরের পালবাড়ি-দড়াটানা-মনিহার-মুড়ালী জাতীয় মহাসড়কের মনিহার থেকে মুড়ালী পর্যন্ত চার লেনে উন্নীতকরণ প্রকল্পের অনুমোদনের সময় প্রধানমন্ত্রী সড়কের পাশে গাছ লাগানোর নির্দেশ দেন। প্রকল্পটির জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৩১ কোটি ১৭ লাখ টাকা।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে বলেন, একনেক সভায় মোট ৭ হাজার ৩১২ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের তহবিল থেকে ২ হাজার ৭৭৮ কোটি ৫৬ লাখ, সংস্থার নিজস্ব অর্থায়ন ৩২১ কোটি ৬৯ লাখ এবং বিদেশি ঋণ থেকে ৪ হাজার ২১২ কোটি ৩০ লাখ টাকা পাওয়া যাবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী প্রত্যেক জেলা ও উপজেলায় সমন্বিতভাবে বহুতল সরকারি আবাসন ভবন নির্মাণ করতে নির্দেশ দিয়েছেন। যেখানে সরকারি সব কর্মকর্তা একসঙ্গে বসবাস করবেন। এ ছাড়া ২০০৯-২০১৯ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে যেসব অনুশাসন দিয়েছেন, সে সবের একটি প্রকাশনা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে– বগুড়া-সারিয়াকান্দি জেলা মহাসড়ক উন্নয়ন এবং বাঙ্গালী নদীর ওপর আড়িয়ারঘাট সেতু নির্মাণ প্রকল্পের খরচ হবে ২৪০ কোটি টাকা। মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলীকরণসহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৭২৩ কোটি ৯৭ লাখ টাকা। ফেনী আলোকদিয়া-ভালুকিয়া-লস্করহাট-ছাগলনাইয়া জেলা মহাসড়কটি যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৮৫ লাখ টাকা। নাটোর রোড থেকে রাজশাহী বাইপাস পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ২০৬ কোটি ৬৪ লাখ টাকা। ঢাকা ও পশ্চিমাঞ্চলীয় গ্রিড সঞ্চালন ব্যবস্থা সম্প্রসারণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৫ হাজার ৯৪৯ কোটি ৯৫ লাখ টাকা।
পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করার সময় পরিকল্পনা সচিব নুরুল আমিন, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।