লাভজনক না হওয়ায় দেশের সরকারি চিনিকলগুলো বেসরকারিকরণের সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। বেসরকারিকরণের পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় লাভজনক করতে দুই-একটি চিনিকল নিয়ে পাইলট প্রকল্প গ্রহণের সুপারিশও করেছে কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, ইমাজ উদ্দিন প্রামাণিক, মামুনুর রশীদ কিরণ ও হোসনে আরা অংশ নেন।
বৈঠকে নরসিংদীর সাগর কলা ও সবরি কলার উৎপাদন বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে কমিটি। এছাড়া বিভিন্ন প্রকার ফলমূল সহজলভ্য ও স্বল্পমূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে গবেষণা কার্যক্রম অব্যাহত রাখার জন্যও সুপারিশ করা হয়।
বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, দেশজ ফলের মানোন্নয়নের মাধ্যমে এর গন্ধ, আকার এবং স্বাদের বিষয়টি নিশ্চিত করে পাঁচ তারকা মানের হোটেলের ফ্রzট বাস্কেটে জায়গা করে নিতে কাজ করছে মন্ত্রণালয়। এছাড়া টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে সৌদি খেজুরের চারা উৎপাদনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়।
কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে পল্লী এলাকায় চাল বিতরণে রেশনিং কার্ড চালু করতে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে খাদ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে বলেও বৈঠককে জানানো হয়।