কঙ্গোর পূর্বাঞ্চলে জাতিসংঘবিরোধী বিক্ষোভে অন্তত চার বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে এএফপি। দেশটিতে সন্ত্রাসীদের হামলা বন্ধে জাতিসংঘের শান্তিরক্ষীরা ব্যর্থ এমন অভিযোগে গত সোমবার ওই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা বেনি শহরে জাতিসংঘের একটি ক্যাম্প গুঁড়িয়ে দিলে দেশটির সেনাবাহিনী গুলি ছোড়ে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।
কঙ্গোর সেনাবাহিনী জানায়, বেনি শহরে এক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ জনতা দেশটির সামরিক বাহিনীর হুঁশিয়ারি উপেক্ষা করে জাতিসংঘ মিশনের একটি ক্যাম্পে হামলা চালায়। এতে সেখানে চারজন নিহত হয়।
বেনিতে গত সোমবার রাতে হামলায় আটজন নিহত হওয়ার পর এ সহিংস ঘটনা ঘটল। সর্বশেষ এ হামলার ঘটনায় অ্যালিয়েড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) মিলিশিয়াকে দায়ী করা হয়। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের বিশাল বহর মোতায়েন থাকা সত্ত্বেও সেখানে প্রায়ই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে।
সেনাবাহিনী মুখপাত্র কর্নেল ম্যাক হাজুকাই নিশ্চিত করে বলেন, বেনি শহরে রাতের অঁাধারে সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় বইকেনে এলাকার আট বেসামরিক মারা যায়।
সামরিক প্রসিকিউটর কুম্বু নগোমা এএফপিকে বলেন, ‘এদিন সংঘর্ষ চলাকালে সেখানে চারজন নিহত হয়। এ সময় ১০ বেসামরিক নাগরিক ও সামরিক বাহিনীর তিন সদস্য আহত হয়।’ তবে ঘটনাস্থলে গুলি চালানোর কারণ জানতে তদন্ত করা হচ্ছে বলেও তিনি জানান।
কঙ্গোতে জাতিসংঘের মিশন জানায়, মিশনের শান্তিরক্ষীরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বাতাসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। কোনো বিক্ষোভকারীকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হয়নি বলে জানায় মিশন। এদিকে ঘটনার পর বেনি শহরে কারফিউ জারি করা হয়েছে।
সম্প্রতি কঙ্গোর প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পূর্বাঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঙ্গোর সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষীরা যৌথভাবে অভিযান পরিচালনা করবে। তবে কবে নাগাদ ওই অভিযান শুরু হবে এ বিষয়ে বিবৃতিতে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
বেসরকারি সংস্থা কঙ্গো রিসার্চ গ্রুপের তথ্য অনুসারে, গত ৫ নভেম্বর থেকে বেনি অঞ্চলে সন্ত্রাসীদের হামলায় ৭৭ জন বেসামরিকের মৃত্যু হয়েছে।