ভারত থেকে অনুপ্রবেশ: গাতীপাড়া সীমান্তে আটক ৭

ভারতের বেঙ্গালুরুতে দীর্ঘদিন বাস করে আসা ৭ নারী-পুরুষ ও শিশুকে বেনাপোলের গাতীপাড়া সীমান্তে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয় বলে বিজিবি জানায়।

বিজিবি জানায়, বুধবার দুপুরে তাদের আটক করা হয়। আটকদের পাঁচজন পুরুষ, একজন নারী ও এক শিশু। তাদের বাড়ি নড়াইল ও বাগেরহাট জেলায় বলে তারা দাবি করেছে।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, ভারত থেকে গাতীপাড়া সীমান্ত দিয়ে বিপুলসংখ্যক নারী-পুরুষ ও শিশু বাংলাদেশে অনুপ্রবেশ করছে, এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সেখানে অভিযান চালিয়ে পাঁচ পুরুষ, এক নারী ও শিশুকে আটক করে।

আটকদের মধ্যে আনারুল ইসলাম দাবি করেছেন, তারা দীর্ঘদিন ভারতের ব্যাঙ্গলুরু শহরে বাসা-বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। গত মাসে ভারতীয় পুলিশ তাদের আটক করে বাংলাদেশে ফেরত পাঠাতে বিএসএফের কাছে তুলে দেয়। বিএসএফ আজ ভোর রাতে আমাদের বাংলাদেশে ঠেলে দেয় গাতীপাড়া সীমান্ত দিয়ে। পরে বিজিবি সদস্যরা আমাদের আটক করে।

লে. কর্নেল সেলিম রেজা  জানান, আটকদের বেনাপোল স্থলবন্দর থানায় পাঠানো হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে থানায়।