পাটগ্রাম পৌর আ.লীগ

রব্বানী সভাপতি আসাদ সম্পাদক

লালমনিরহাটের পাটগ্রাম পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। সম্মেলনে গোলাম রব্বানী সভাপতি ও কাজী আসাদুজ্জামান আসাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত মঙ্গলবার রাতে পাটগ্রাম পৌর কমিউনিটি সেন্টারে সম্মেলনে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভোটারদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন। ভোট শেষে রাত ৯টায় ফলাফল ঘোষণা করা হয়।

গত ২৫ নভেম্বর শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ কারণে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পৌর আওয়ামী লীগের সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনে ১০৭ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হন গোলাম রব্বানী প্রধান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর আওয়ামী লীগ নেতা কাদের এলাহি লাভলু পেয়েছেন ১০০ ভোট। সাধারণ সম্পাদক পদে ১১৯ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন কাজী আসাদুজ্জামান আসাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদুল ইসলাম সুইট পেয়েছেন ৯২ ভোট।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন।