আইনের শাসনের প্রতি জনগণের আস্থা বাড়ল : কাদের

ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার রায় দেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও আশ্রয়দাতাদের জন্য একটি অশনিসংকেত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এই রায়ে স্বাধীন বিচারব্যবস্থা ও আইনের শাসনের প্রতি জনগণের আস্থা আরও বাড়ল। শেখ হাসিনা সরকারের কাছে জঙ্গিদের যে কোনো নিস্তার নেই, সেটাও প্রমাণ হয়েছে। এ রায় বাংলাদেশের জনগণের জন্য একটি শান্তিময় ভবিষ্যৎ প্রতিষ্ঠা করল।’ গতকাল বুধবার দুপুরে যশোর ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে অন্তর্কলহ পরিহার করে ঐক্য বিনষ্ট না করার আহ্বান জানিয়ে বলেন, ‘দল ভারী করার জন্য খারাপ, সুবিধাবাদী ও চাঁদাবাজ দরকার নেই। কোনো দুর্নীতিবাজ, টেন্ডারবাজ ও মাদক ব্যবসায়ীর স্থান আওয়ামী লীগে হবে না। নেত্রী শুদ্ধি অভিযান ঘর থেকে শুরু করেছেন, ঘরকে শাস্তি দিয়ে পরকে শেখাবেন– এটাই শেখ হাসিনার পলিসি।’

জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাংসদ শেখ তন্ময় ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল বক্তব্য দেন। যশোরের আটটি আসনের সব সাংসদ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য।

সম্মেলনের উদ্বোধনী পর্ব শেষে কাউন্সিলে ঐকমত্যের ভিত্তিতে কমিটি গঠন করা হয়। এতে শহিদুল ইসলাম মিলনকে সভাপতি ও শাহীন চাকলাদারকে সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত করা হয়। কাউন্সিল অধিবেশনের সভাপতি ওবায়দুল কাদের এ কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন সহসভাপতি আবদুল মজিদ বিশ্বাস, হায়দার গণি খান পলাশ, খয়রাত হোসেন, আবদুল খালেক, আলী রায়হান ও গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম, আশরাফুল আলম লিটন ও জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ও জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু ও প্রচার সম্পাদক মহিউদ্দিন আহমেদ।