পেঁয়াজ আমদানিতে ভারত ধোঁকা দিয়েছে : বাণিজ্যমন্ত্রী

পেঁয়াজ আমদানিতে ভারত ধোঁকা দিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘এই সংকট আমাদের শিক্ষা দিয়েছে। তিন বছরের মধ্যে দেশের উৎপাদিত পেঁয়াজ বিদেশে রপ্তানি করা হবে।’ গতকাল বুধবার সকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইতিমধ্যে আড়াই হাজার টন পেঁয়াজের একটি চালান এসেছে। আরও কয়েকটি চালান আসার অপেক্ষায় রয়েছে। বাজার নিয়ন্ত্রণে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। আমদানি করা পেঁয়াজ ছাড়াও আগামী কয়েক দিনের মধ্যে বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক হবে। এতে সৃষ্ট পেঁয়াজের সংকট খুব অল্প সময়ের মধ্যে নিরসন হবে।

এদিকে গাড়ি প্রাপ্যতা ও ডিলার নিয়োগসহ নানা সীমাবদ্ধতার কারণে দেশের বিভিন্ন জেলায় টিসিবির পণ্য বিক্রি করা যাচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, এ সমস্যার দ্রুত সমাধান করে জেলা পর্যায়ে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি করা হবে। গতকাল বুধবার ঢাকা যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আগামীকাল (আজ) বৃহস্পতিবারের মধ্যে মিসর থেকে আমদানি করা পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। বিদেশ থেকে ১২০ থেকে ২২০ টাকা কেজি দরে ক্রয় করা হচ্ছে। ভতু©কি দিয়ে টিসিবির মাধ্যমে এ পেঁয়াজ দেওয়া হবে বলেও জানান তিনি।