জাতীয় সম্মেলন কাল

মৎস্যজীবী লীগ হচ্ছে আ.লীগের সহযোগী সংগঠন

আগামীকাল শুক্রবার মৎস্যজীবী লীগের জাতীয় সম্মেলন। রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করবেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উদ্বোধন অধিবেশন শেষে বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচন ও ঘোষণা করা হবে।

সংগঠনের নেতারা জানান, এবারের সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মর্যাদা পেতে যাচ্ছে সংগঠনটি। এ কারণে এবারের সম্মেলন বিশেষ গুরুত্ব পাচ্ছে নেতাকর্মীদের মধ্যে। দেখা দিয়েছে নতুন উদ্দীপনা। সম্মেলন ঘিরে সংগঠনের নতুন নেতৃত্বে আসতে ইচ্ছুকরাও তৎপরতা শুরু করেছেন; বিশেষ করে শীর্ষ দুই পদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা জোর লবিং-তদবিরে নেমেছেন। সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় এবং দলীয় সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়। সমর্থকদের নিয়ে কেউ কেউ এসব কার্যালয়ে শোডাউনও করছেন।

এ ব্যাপারে সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব লায়ন শেখ আজগর নস্কর দেশ রূপান্তরকে বলেন, প্রতিষ্ঠার ১৫ বছরে চারটি জাতীয় সম্মেলন হলেও এত দিন পর্যন্ত আওয়ামী লীগের সহযোগী কিংবা ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে স্বীকৃতি ছিল না মৎস্যজীবী লীগের। ইতিমধ্যেই গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে এটিকে সহযোগী সংগঠনের মর্যাদা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মর্যাদা পাবে সংগঠনটি। ফলে এবারের সম্মেলনটি গুরুত্বপূর্ণ।

সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস জানান, সম্মেলনের সব প্রস্তুতি শেষ হয়েছে। সম্মেলন সফল করতে কেন্দ্রে ৮টি উপকমিটি এবং সব বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। সম্মেলনে ২৫ হাজার কাউন্সিলর, ডেলিগেট ও অতিথি উপস্থিত থাকবেন।