কিশোরগঞ্জে পিকআপচাপায় পুলিশ সদস্য নিহত

কিশোরগঞ্জের বাজিতপুরে পিকআপভ্যান চাপায় জাহিদুল ইসলাম (২১) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে ভৈরব-কিশোরগঞ্জ সড়কের বাজিতপুর উপজেলার পিরিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের আব্দুল গণির ছেলে। তিনি বাজিতপুর থানার পুলিশ কনস্টেবল (কং-১১৫৩)।

বাজিতপুর থানার (ওসি-তদন্ত) মো. সারোয়ার জাহান জানান, রাতে ডিউটি করার সময় পিরিজপুর আমলিতলা এলাকায় জাহিদুল গাড়ি থেকে নামলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় জাহিদুলকে ভাগলপুর জহুরুল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, চালকসহ পিকআপ ভ্যানটি আটক করার চেষ্টা চলছে।

এদিকে জাহিদুলের মৃত্যুর খবর পেয়ে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ছুটে আসেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ।