যাত্রী ভোগান্তি

মেরামতের নামে ৩ মাস ধরে নেই দুই বগি

নীলফামারী স্টেশন থেকে চলাচলকারী ঢাকা ও রাজশাহীগামী দুটি আন্তঃনগর ট্রেনের দুটি বগি নেই তিন মাসের বেশি সময় ধরে। মেরামতের নামে বগি দুটি বিচ্ছিন্ন করা হলেও এ সময়ের মধ্যে বিকল্প কোনো বগি স্থাপনা করা হয়নি। এতে ওই দুই পথের যাত্রীদের ভোগান্তির অন্ত নেই। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, নীলফামারী থেকে ঢাকা চলাচল করে একমাত্র আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস। এ স্টেশন থেকে ট্রেনটির বরাদ্দকৃত আসনের বগিটি মেরামতের জন্য তিন মাস আগে বিচ্ছিন্ন করে কর্র্তৃপক্ষ। অপরদিকে রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ‘ঞ’ বগিটি রেলবহর থেকে বিচ্ছিন্ন করা হয় চার মাস আগে।

গত মঙ্গলবার নীলফামারী স্টেশনে কথা হয় জেলা সদরের বাবুপাড়া মহল্লার পবিত্র দেবনাথের সঙ্গে। তিনি বলেন, ‘ঢাকা যাওয়ার জন্য ট্রেনের টিকিট নিতে এসেছি। এসে শুনি একটি বগি না থাকার কারণে আসন সংখ্যা কমেছে। ফলে টিকিট না পেয়ে বিকল্প পথে যাওয়ার চিন্তা করছি।’ আইয়ুব আলী নামে আরেক যাত্রী বলেন, ‘প্রায় সময় নানা অজুহাতে এ স্টেশন থেকে চলাচলরত ট্রেনগুলোর বগি বিচ্ছিন্ন করে রাখা হয় মাসের পর মাস। এ যন্ত্রণা থেকে কবে মুক্তি মিলবে।’

নীলফামারী রেলওয়ে স্টেশন মাস্টার ওবায়দুর রহমান জানান, নীলসাগর এক্সপ্রেসের বগিটি মেরামতের জন্য বিচ্ছিন্ন করার ফলে স্টেশনের বরাদ্দ সাধারণ ৯০ আসনের মধ্যে কমেছে ২০টি। এছাড়া এসি চেয়ার পাঁচটি এবং এসি বাথ দুটি আসন বরাদ্দ আছে। অন্যদিকে বরেন্দ্র এক্সপ্রেসে নীলফামারী থেকে বিভিন্ন স্টেশনের জন্য বরাদ্দ ছিল ‘ঞ’ বগির ১০৪টি আসন। তিনি বলেন, ‘জেলা শহরের স্টেশন হওয়ায় এখানে চাপ বেশি। বগি দুটি বিচ্ছিন্ন হওয়ায় তা আরও বেড়েছে।’