সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরে গতকাল বৃহস্পতিবার সকালে বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা চুক্তি বাস্তবায়নের দাবিতে নৌযানশ্রমিকরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন। বাঘাবাড়ী নৌযান শ্রমিক ফেডারেশন আয়োজিত বিক্ষোভ মিছিলটি সংগঠনের কার্যালয় থেকে শুরু হয়ে বাঘাবাড়ী নৌবন্দর চত্বর প্রদক্ষিণ করে এসে এখানেই শেষ হয়। এরপর সংগঠনের কার্যালয়ের সামনের সড়কে আধা ঘণ্টা মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে আবদুল করিম মাস্টারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব মিয়া, খন্দকার আমিনুর রহমান, কবির হোসেন বাহার, তৌহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, শিমুল সরদার প্রমুখ।
তাদের দাবির মধ্যে রয়েছে বেতন বৃদ্ধি, খোরাকি ভাতা প্রদান, বাল্কহেডসহ সব নৌযানে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, ২০১৬ সালের ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন, ভারতগামী নৌযান শ্রমিকদের ল্যান্ডিং পাশ প্রদান ও হয়রানি বন্ধ, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত নৌযানশ্রমিকদের ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদান ইত্যাদি।