২০০৯ সালে লাহোরে গাদ্দাফী স্টেডিয়ামের বাইরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম বাসের ওপর সন্ত্রাসী হামলা হয়েছিল। সেই থেকে পাকিস্তানে কোনো দল টেস্ট খেলতে যায়নি। তারা নিজেদের হোম সিরিজ খেলে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। এবার কিন্তু পাকিস্তান নিজেদের হোম টেস্টগুলো দেশেই খেলতে চাচ্ছে। সেই প্রেক্ষাপটেই শ্রীলঙ্কা আগামী মাসে টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাবে। এরপর আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে টেস্ট খেলার জন্য বাংলাদেশকে নিতে চাচ্ছে পাকিস্তান।
ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুসারে জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যেটা পাকিস্তানের হোম সিরিজ। ম্যাচগুলো হবে কোথায় তা এখনো ঠিক না হলেও পাকিস্তান চায় ঘরের মাঠেই সেগুলো খেলতে। আর সেটা হলে টেস্ট খেলতে পাকিস্তান সফরে যেতে হবে বাংলাদেশকে। কিন্তু বাংলাদেশ কি যাবে? পিসিবির এক মুখপাত্র অবশ্য বলেছেন, ‘হোম সিরিজের ম্যাচগুলো বিদেশের মাটিতে না খেলার নীতিতে অটল থাকছি আমরা। বাংলাদেশের আসন্ন সফর নিয়ে প্রাথমিক পরিকল্পনার কাগজপত্র আমরা (বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে) পাঠিয়ে দিয়েছি। ভেন্যু আর ম্যাচের সূচি এখনো ঠিক হয়নি।’ সম্প্রতি বাংলাদেশের মেয়েদের দল আর অনূর্ধ্ব-১৬ দল পাকিস্তান সফর করেছে। এখন দেখার জাতীয় দলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাঠায় কি না। পাকিস্তান ঘরের মাঠে খেলতে চাইলে নিরাপত্তার কারণ দেখিয়ে না জেতেই পারে বাংলাদেশ। সেক্ষেত্রে কিন্তু ক্ষতি টাইগারদের। কারণ, টেস্ট দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। স্বাগতিক দল যদি খেলতে চায়, আর অতিথি দল না যায়, তাহলে বাইলজ অনুসারে পয়েন্ট পাবে স্বাগতিকরাই। তবে নিরাপত্তার বিষয়টি শেষ পর্যন্ত কী পর্যায়ে যায় সেটাই দেখার।