জমিজমা সংক্রান্ত পুরনো বিরোধের জের ধরে পাঁচ ভাইয়ের বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের মামলা করেছিলেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের খামার বড়ধুল গ্রামের এক নারী (৫০)। সেটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ রায় দেন।
মামলা সূত্রে জানা গেছে, জমিজমার বিরোধ থেকে প্রতিশোধ নিতে ২০১৬ সালের ২৪ অক্টোবর প্রতিবেশী গোলবার হোসেনের পাঁচ ছেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ওই নারী। মামলার তদন্তে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।
সরকারপক্ষের কৌঁসুলি শেখ আব্দুল হামিদ লাভলু জানান, মিথ্যা মামলায় হয়রানি করার অভিযোগে গোলবার হোসেনের বড় ছেলে কবির হোসেন ওই নারীর বিরুদ্ধে পরে পাল্টা মামলা করেন। সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত ধর্ষণের মিথ্যা গল্প সাজিয়ে নিরপরাধকে ফাঁসানোর অভিযোগে ওই নারীকে সাজা দিল। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয় বলেও জানান তিনি।