ভারতের মাটিতে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ফরম্যাটের জন্যই ভারতীয় দলের অধিনায়ক কাইরন পোলার্ড। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলা দলে খুব বেশি পরিবর্তন আনেনি ক্যারিবীয় টিম ম্যানেজমেন্ট।
টি-টোয়েন্টিতে পোলার্ডের ডেপুটি নিকোলাস পুরান। আর ওয়ানডেতে সহযোগী অধিনায়ক হিসেবে থাকছেন শাই হোপ।
শুরুতেই বিরাট কোহলিদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচটি হবে ৬ ডিসেম্বর, হায়দরাবাদে। দ্বিতীয় ম্যাচে ৮ ডিসেম্বর কেরালার তিরুবনন্তপুরমে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে মুম্বাইয়ে।
এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দল দুটি। প্রথম ম্যাচ হবে ১৫ ডিসেম্বর, চেন্নাইয়ে; দ্বিতীয় ম্যাচ হবে ১৫ ডিসেম্বর চেন্নাইয়ে। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি হবে ২২ ডিসেম্বর কটকে।
ইংল্যান্ড বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট সিরিজে ওয়াশ আউট করে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। এরপরই সীমিত ওভারের ফরম্যাটে দলের অধিনায়ক পরিবর্তন করে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। জেসন হোল্ডারের পরিবর্তে অভিজ্ঞ কাইরন পোলার্ডকে দলের অধিনায়ক নির্বাচন করা হয়। তার নেতৃত্বেই ভারতের মাটিতে ভারতকে হারিয়ে প্রতিশোধ নিতে চাইবে ক্যারিবীয় দল।
স্বাগতিকদের মুখোমুখি হওয়ার আগে বেশ আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্ণৌয় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টটি মাত্র তিন দিনে নিজেদের করে নিয়েছে দলটি। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করার পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় তারা।
টি-টোয়েন্টি দল: ফাবিয়েন অ্যালেন, শেল্ডন কটরেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, হেডন ওয়ালশ জুনিয়র, এভিন লুইস, কিমো পল, খারি পিরে, কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড
ওয়ানডে দল: সুনীল অ্যামব্রিস, রস্টন চেইস, শেল্ডন কটরেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, কিমো পল, খারি পিরে, কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড ও হেডন ওয়ালশ জুনিয়র