দীর্ঘ এক দশকের বেশি সময় পর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ফিরতে যাচ্ছে পাকিস্তানে। শক্তিশালী দল নিয়ে আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশটি সফরে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
এই সফরে লঙ্কা দলের নেতৃত্ব দেবেন দিমুথ করুনারত্নে। ষোলো সদস্যের দলে রয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমালের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। সিরিজের দুটি ম্যাচই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
৮ ডিসেম্বর পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বে শ্রীলঙ্কা দল। পাকিস্তানের মাটিতে সীমিত ওভারের সিরিজ খেলে ফেরার তিন মাসের কম সময়ের মধ্যে টেস্ট খেলতে ফের দেশটি সফরে যাচ্ছে তারা। এই সিরিজে শ্রীলঙ্কা দলের অভিজ্ঞ খেলোয়াড়রা না গেলেও এবার যাচ্ছেন।
গত আগস্টে সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা শ্রীলঙ্কা টেস্ট দলে একটি মাত্র পরিবর্তন এনে পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা করা হয়েছে। অবৈধ অ্যাকশনের কারণে এক বছরের নিষেধাজ্ঞায় থাকা লেগ স্পিনার আকিলা ধনাঞ্জয়ার জায়গায় ডাক পেয়েছেন কাসুন রাজিথা।
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১১ ডিসেম্বর, রাওয়ালপিন্ডিকে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ১৯ ডিসেম্বর, করাচিতে।
উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে সফররত শ্রীলঙ্কা দল সন্ত্রাসী হামলার শিকার হওয়ার পর থেকে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট এক প্রকার নির্বাসনে। এর মধ্যে গত কয়েক বছরে সীমিত পরিসরে সীমিত ওভারের ক্রিকেট ফিরলেও এখন পর্যন্ত ফেরেনি টেস্ট ক্রিকেট।
শ্রীলঙ্কা টেস্ট দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাডা ফের্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেস চান্দিমাল, কুশল পেরেরা (উইকেটকিপার), লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, দিলরুয়ান পেরেরা, লাসিথ মালিঙ্কা, সুরেঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফের্নান্দো, কাসুন রাজিথা, লাকশান সান্দাকান