বিএনপির আন্দোলনের হুমকি হাস্যকর : তথ্যমন্ত্রী

বিএনপির আন্দোলনের হুমকি গতানুগতিক এবং বরাবরের মতোই হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘এ দলটি (বিএনপি) আন্দোলনের নামে বিগত সাড়ে ১০ বছর ধরে একের পর এক হুমকি-ধমকি দিয়ে আসছে।’ বিএনপি আইন মানে না দাবি করে তিনি বলেন, ‘আদালতকেও সম্মান করে না।’

গতকাল শুক্রবার রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার জামিন দেওয়ার বিষয়টি সরকারের নয় জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘এটি আদালতের ব্যাপার। তবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে অতীতের মতো আন্দোলনের নামে গতানুগতিক হুমকি দিয়ে লাভ হবে না। আদালত যদি জামিন দেয় তাহলে তিনি (খালেদা জিয়া) মুক্তি পাবেন। এছাড়া অন্য কোনো পথ খোলা নেই।’ তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বিচার বিভাগ এখন স্বাধীন। আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য ও নেতা কারাগারে গেছেন, অনেকেই কারাভোগ করেছেন।’

বিএনপির শাসনামলে বিচার বিভাগ স্বাধীন ছিল না দাবি করে হাছান মাহমুদ বলেন, তারা বিচার বিভাগকে অনেকটাই কোণঠাসা করে রেখেছিল। উন্নত দেশ গড়তে হলে উন্নত জাতি গঠন করা একান্ত প্রয়োজন এ কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।