জামালপুরের দেওয়ানগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহত মো. ইউসুফ আলী (৪৫) ও মো. আব্দুল জলিল (৪০) উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী এলাকার দক্ষিণ লম্বাপাড়া গ্রামের মো. হারান আলী হাজীর ছেলে।
দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম ময়নুল ইসলাম জানান, সানন্দবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকায় ২০ শতাংশ জমি নিয়ে লম্বাপাড়া গ্রামের ইউনুছ আলী হাজীর দুই ছেলে হারান আলী হাজী ও তার ভাই জাকির মেম্বারে মধ্যে পারিবারিক জমির বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
শুক্রবার দুপুরে বিরোধপূর্ণ জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় লোহার শাবলের আঘাতে হারান আলী হাজী (৭০) ও তার ৩ ছেলে মো. ইউসুফ আলী (৪৫), মো. আব্দুল জলিল (৪০) এবং মো. আব্দুল খালেক (১৮) আহত হন। গুরুতর আহত অবস্থায় ইউসুফ ও জলিলকে শুক্রবার রাতে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। আহত হারান ও খালেক হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।