পাকিস্তানের বিপক্ষে ওয়ার্নারের ট্রিপল সেঞ্চুরি!

আগের দিন সেঞ্চুরি পূর্ণ করে দ্বিশতকের পথে দিনের খেলা শেষ করেছিলেন ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় দিনও পাকিস্তান বোলারদের হতাশ করলেন অস্ট্রেলিয়ার এই ওপেনিং ব্যাটসম্যান। তার তিনশো ছাড়ানো ব্যক্তিগত ইনিংসে ৩ উইকেটে ৫৮৯ রানে অ্যাডিলেইড টেস্টের প্রথম ইনিংস ঘোষণা করল অজি দল।

শেষ পর্যন্ত ৩৩৫ রানে অপরাজিত থাকেন ওয়ার্নার। তার ৪১৮ বলের ইনিংসটিতে রয়েছে ৩৯ চার ও একটি ছক্কার মার। এর মধ্য দিয়ে ত্রিপল সেঞ্চুরি হাঁকানো এলিটদের কাতারে নাম লেখালেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। টেস্টে এর আগে তার সর্বোচ্চ ইনিংসটি ছিল ২৫৩ রানের।

তিনশো ছাড়ানো ইনিংসটি খেলার পথে একবার জীবন পেয়েছেন ওয়ার্নার। ২২৬ রানের সময় মোহাম্মদ মুসার বলে গালিতে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু আম্পায়ার নো বল বলের সংকেত দিলে টিকে যান ওয়ার্নার।

২০১৬ সালে ভারতের করুণ নায়ার অপরাজিত ৩০৩ রানের ইনিংস খেলার পর প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন ওয়ার্নার। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের দিক থেকে এটা দশম ইনিংসে।

সবচেয়ে বেশি রানের ইনিংসটি দখলে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারার দখলে। ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৪০০ রান করেছিলেন সাবেক এই ক্রিকেটার।

পাকিস্তানের বিপক্ষে অসাধারণ নৈপুণ্য দেখাচ্ছেন ওয়ার্নার। ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্টে দলের ইনিংসে জয়ে ১৫৪ রান করেছিলেন বল ট্যাম্পারিংয়ের দায়ে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আনা এই ক্রিকেটার।

অথচ চলতি বছর ইংল্যান্ডে অ্যাশেজে মোটেও ভালো করতে পারেননি ওয়ার্নার। দশ ইনিংসে করতে পেরেছিলেন মাত্র ৯৫ রান।