ধোনির বিষয়ে আমাদের সিদ্ধান্ত পরিষ্কার: গাঙ্গুলি

প্রথমে মুখ খুললেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। এরপর মহেন্দ্র সিং ধোনি নিজে। এবার ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে মুখ খুলেছেন স্বয়ং বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। যদিও নিশ্চিত করলেন না কি হতে যাচ্ছে ধোনির ভবিষ্যৎ। তবে বললেন, ধোনির বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন তারা।

বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর থেকেই মাঠের বাইরে রয়েছেন ৩৮ বছর বয়সী ধোনি। বিশ্বকাপের পরপরই ছুটি নিয়ে সেনা ট্রেনিংয়ে অংশ নেন ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে সফল অধিনায়ক। যে কারণে ছিলেন না ওয়েস্ট ইন্ডিজ সফরে।

কিন্তু এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলেছে ভারত। যার কোনোটিতেই বিবেচিত হননি ধোনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, আদৌ ধোনিকে নিয়ে চিন্তা করছে কি ভারতীয় টিম ম্যানেজমেন্ট?

মাঝে একবার ভারতীয় নির্বাচকেরা মন্তব্য করেছিলেন, ধোনিকে বাদ দিয়েই ভারতীয় দলের ভবিষ্যৎ ভাবছেন তারা। যদিও ক’দিন আগে রবি শাস্ত্রী বলেন, আইপিএল দেখেই ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন হবে। আর আইপিএলে বিবেচিত হবে ধোনির পারফরম্যান্সও। এর একদিনের মধ্যেই ধোনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে জানুয়ারি পর্যন্ত কোনো প্রশ্ন।

অর্থাৎ একটা ধোঁয়াশা থাকছেই। এমন অবস্থায় সংবাদ সংস্থা পিটিআইকে সৌরভ বলেন, ‘এটা নিয়ে স্পষ্টতা রয়েছে। কিন্তু এমন কিছু বিষয় থাকে যা সবার সামনে বলা যায় না। ধোনির বিষয়য়ে অবশ্যই আমাদের পরিষ্কার ধারণা আছে। সময় হলেই আপনারা তা জানতে পারবেন।’

বোর্ড, নির্বাচক ও ধোনি নিজে তিন পক্ষের মধ্যেই একটা সমঝোতা হয়েছে এমন একটা আভাস মিলেছে সৌরভের এই কথায়, ‘বোর্ড, ধোনি এবং নির্বাচক তিন পক্ষের মধ্যেই স্বচ্ছতা রয়েছে। যখন আপনি মহেন্দ্র সিং ধোনির মতো একজন চ্যাম্পিয়ন অ্যাথলেট নিয়ে কথা বলবেন, কিছু বিষয় তখন গোপন রাখতেই হয়। এটা খুব স্বচ্ছ এবং সবাই জানে এখানে সবার মতামতটা কি।’