কুবি’র ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করে মেধাতালিকায় এক শিক্ষার্থীর ১২তম হওয়ার ঘটনায় ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, সদস্য প্রকৌশল অনুষদের ডিন ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার এবং সদস্য সচিব ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) এবং ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করে জানান, তিন দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত রিপোর্ট আসা পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে।

গত ৮ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এরপর গত ১২ নভেম্বর প্রকাশিত ফলাফলে দেখা যায়, মেধাতালিকায় ১২তম হয়েছেন ‘২০৬০৫০’ রোলধারী এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। সিটপ্ল্যান অনুযায়ী তার সিট পড়েছিল কোটবাড়ির টিচার্স ট্রেনিং কলেজে। তবে ওই কেন্দ্রে ‌‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ‘২০৬০৫০’ রোলধারী শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষা হলের উপস্থিতির তালিকায় তার স্বাক্ষরও নেই। এ তালিকায় তার নাম দেওয়া আছে মো. সাজ্জাতুল ইসলাম। এমনকি মেধাতালিকায় স্থান পাওয়া ওই শিক্ষার্থী সাক্ষাৎকারেও আসেননি।