কুমিল্লার চান্দিনায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন দেলু (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলাসহ অন্তত সাতটি মামলা রয়েছে।
শনিবার দিবাগত রাত পৌনে ৩টায় উপজেলার শ্রীমন্তপুর সীমানার তুলাতলী কড়াইগাছ তলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চান্দিনা থানার ওসিসহ পুলিশের চার সদস্য আহত হয়েছেন।
ডাকাত দেলোয়ার হোসেন দেলু চান্দিনা উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, শনিবার রাতে চান্দিনা উপজেলার তুলাতলী গ্রামের একটি বাড়িতে ডাকাতির উদ্দেশে ডাকাতদল তুলাতলী-শ্রীমন্তপুর ও এতবারপুর সীমানায় একটি কড়াই গাছের নিচে সংঘবদ্ধ হয়। পুলিশ খবর পেয়ে ডাকাতদের ধরতে ওই স্থানে অভিযান চালায়।
ডাকাতদল উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে ২৫ রাউন্ড গুলি ছুড়ে।
এক পর্যায়ে দেলোয়ার গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, দরজা ভাঙার একটি শাবল ও তালা ভাঙার একটি শাবল উদ্ধার করা হয়েছে।