ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে মানসিকভাবে অসুস্থ বলে মন্তব্য করেছেন ভিপি নুরুল হক নুর। তিনি বলেছেন, সাদ্দাম পুরোপুরি সুস্থ নেই। তিনি মানসিকভাবেও পুরোপুরি সুস্থ নন। তার ভালো মানসিক ডাক্তার দেখানো উচিত। গতকাল দুপুর ১২টার দিকে ডাকসু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে বেলা ১১টার দিকে ডাকসু ভবনে আরেক সংবাদ সম্মেলনে এজিএস সাদ্দাম হোসেন অভিযোগ করেন, ছাত্রদলের পদ নিতে ডাকসু ভিপি তদবির করছেন। এরপর ভিপি নুর এমন মন্তব্য করলেন।
ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বলেন, নুর নিজের রাজনীতি নিয়েই ব্যস্ত আছেন। ক্যাম্পাসে খুব বেশি সময় দেন না। এ জন্য তাকে পাওয়া যায় না। শুনেছি, তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে পদ নেওয়ার জন্য লবিং-তদবির করছেন। যেহেতু ছাত্রদল বিবাহিতদের সংগঠন, তাই নুরের সেখানে পদ নিতে আরও সুবিধা হবে।
সাদ্দামের এমন মন্তব্যের জবাবে ভিপি নুরুল হক বলেন, ‘এটি আসলে তাদের প্রোপাগান্ডা। এটি তারা শুরু থেকেই চালাচ্ছে। আমাদের জনপ্রিয়তায় তারা ঈর্ষান্বিত হয়ে আগেই এ রকম প্রোপাগান্ডা চালিয়েছে। ডাকসুর ভিপি এ পরিচয়ই যথেষ্ট। আমি সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি। ছাত্রদল বা ছাত্রলীগের পরিচয় লাগবে না। আর এটি লাগেও না। ডাকসু ভিপি পরিচয় এটিই আমার জন্য যথেষ্ট।’
সাদ্দাম হোসেনের সমালোচনা করে নুর বলেন, ‘তিনি নিজেই নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। একজন ছাত্র প্রতিনিধি সাত বছর ফেল করে এখনো অনার্সের দরজা পার হতে পারেনি। সুতরাং তার মুখ থেকে নীতি কথা আশা করা যায় না। বেফাঁস কথাবার্তা তার মুখ থেকে আসাটা অস্বাভাবিক কিছু নয়।’