দিয়ার বাবা জাহাঙ্গীর

অদক্ষ চালকের কারণে কারও বুক যেন খালি না হয়

বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় করা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত এক শিক্ষার্থী দিয়া খানম মীমের বাবা জাহাঙ্গীর কবির। যিনি পেশায় বাসচালক ছিলেন এবং হাসপাতালের লাশঘরে মেয়ের লাশ দেখে আর গাড়ির স্টিয়ারিংয়ে বসেননি। গতকাল রবিবার সন্ধ্যায় মোবাইল ফোনে দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘আমি কোর্টকাচারির রায়ে খুশি। এই রায় কোনো দক্ষ ড্রাইভারের বিরুদ্ধে নয়, এটি অদক্ষ ড্রাইভারের বিরুদ্ধে রায় হয়েছে।’

দিয়ার বাবা জাহাঙ্গীর বলেন, টাকার বিনিময়ে বিআরটিএর লাইসেন্স দেওয়া বন্ধ করতে হবে। আবার প্রকৃত চালকদের ওপর যাতে কোনো ধরনের জুলুম না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।’ তিনি বলেন, ‘আমার মেয়েকে তো আর ফিরে পাব না, তবে অদক্ষ ড্রাইভারদের বেপরোয়া গতির কারণে আর যাতে কোনো বাবা-মায়ের বুক খালি না হয় সেই দাবিই করব।’ জাহাঙ্গীর বলেন, ‘দিয়া মারা যাওয়ার পর আমার আরও একটি মেয়ে হয়েছে। তার বয়স চার মাস। এই মেয়ের নামও রেখেছি দিয়া খানম মিম।’