মুক্তিযোদ্ধাদের ১৫ লাখ টাকার বাড়ি দেবে সরকার

মুজিববর্ষ উপলক্ষে ১৪ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধার জন্য ১৫ লাখ টাকার বাড়ি দেবে সরকার। আর এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে দুই হাজার ২০০ কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে মুক্তিযোদ্ধাদের উপহার হিসেবে এ প্রকল্পের কাজ উদ্বোধন করবেন। গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নবম বৈঠকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে গুলিস্তান শপিং কমপ্লেক্স, জামুকার আইন ও বিধিমালা প্রণয়ন এবং রাজাকার, আলবদর ও স্বাধীনতাবিরোধীদের তালিকা প্রণয়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, মেজর (অব.) রফিকুল ইসলাম এবং এ বি তাজুল ইসলাম অংশগ্রহণ করেন।