গাড়ি ভাঙচুরের মামলা

নোমানসহ চার বিএনপি নেতার আগাম জামিন

হাইকোর্টের সামনের সড়কে গাড়ি ভাঙচুরের মামলায় আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ চার কেন্দ্রীয় নেতা। একই সঙ্গে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার এ সময়ের মধ্যে তাদের নিমœ আদালতে আত্মসমর্পণ করারও আদেশ দিয়েছে।

নোমান ছাড়া জামিন পাওয়া বিএনপির অন্য নেতারা হলেন যুগ্ম মহাসচিব হাবীব-উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ¨ানী এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর।

আদালতে বিএনপি নেতাদের আবেদনের পক্ষে শুনানি করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশীদ।

এর আগে গত ২৮ নভেম্বর এ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছিল হাইকোর্ট।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ২৬ নভেম্বর দুপুরে হাইকোর্টের সামনের সড়কে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ছাড়াও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে রাতে মির্জা ফখরুলসহ ৫০০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করে পুলিশ।

নিমœ আদালতে ইশতিয়াক ও মোশাররফের জামিন : এ মামলায় গতকাল নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন। সন্ধ্যায় দেশ রূপান্তরকে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।