এসি বাসে হঠাৎ আগুন, বেঁচে গেলেন ৪০ যাত্রী

ঢাকা থেকে কক্সবাজারগামী শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিজেদের সচেতনতার কারণে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ৪০ যাত্রী।  

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পটিয়া উপজেলার মনসার টেক বাদামতল এলাকার তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া বলেন, ভোরে প্রেসিডেন্ট ট্রাভেলের ঢাকা-কক্সবাজারগামী একটি এসি বাসের পেছনে যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লাগে। পোড়া গন্ধ পেয়ে যাত্রীরা ৯৯৯ ফোন দেন।

তিনি জানান, সেখান থেকে ফায়ার সার্ভিসকে জানানো হলে একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, বাসভর্তি যাত্রী থাকলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন ৪০ জন যাত্রী। বাসটি বর্তমানে হাইওয়ে পুলিশের কাছে রয়েছে।

তিনি জানান, বাসটির পেছনের এসির অংশ পুরোটাই পুড়ে গেছে। আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে ১৫ লাখ টাকা।