গেম খেলতে এতদিন আলাদা ডিভাইসের প্রয়োজন হতো। কখনো কখনো আবার শুধু ডিভাইসে হয় না। দরকার পড়ে আলাদা কন্ট্রোলারের। গুগলের গেমিং জগৎ স্টাডিয়া এক্ষেত্রে চমক হয়ে এসেছে গেমারদের জন্য।
নভেম্বরে উদ্বোধন হওয়া এই গুগল স্টাডিয়ায় কোনো ডিভাইসে গেম ডাউনলোড করার প্রয়োজন নেই। গুগল ক্রোম ব্যবহার করে কিংবা ইউটিউবেই খেলা যাবে! সেখানেই কন্ট্রোলার ব্যবহার করে খেলা যাবে। বাংলাদেশি গেমাররা এখনো অ্যাকসেস পাচ্ছেন না। আরও কিছুদিন দেরি করতে হবে।
এখানে অনলাইনে অর্থ পরিশোধ করে খেলা যায় উন্নতমানের গেম।
গুগলের বর্ণনায়, স্টাডিয়া হলো এমন একটি ভিডিও গেমের প্ল্যাটফর্ম, যা যেকোনো স্ক্রিনেই খেলা সম্ভব, তা হোক টেলিভিশন, ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল কিংবা ট্যাবলেট।
গুগলের নতুন গেম জোনে ফোরকে, এইচডিআর এবং সারাউন্ড সাউন্ড সিস্টেমের সম্মিলন ঘটানো হবে। স্টাডিয়া নিয়ে গুগলের উচ্চাকাঙ্ক্ষা দেখেই বোঝা যাচ্ছে প্রতিষ্ঠানটি ক্লাউড প্রযুক্তি এবং ডেটা সেন্টারের আন্তর্জাতিক নেটওয়ার্ক থেকে বিপুল আয়ের সম্ভাবনা দেখছে। যদিও এই প্রযুক্তিতে গেমের দুনিয়ায় আগে থেকেই শক্ত অবস্থানে থাকা অ্যামাজন ও মাইক্রোসফটের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় নামতে হচ্ছে গুগলকে।
বিবিসি জানিয়েছে, মোট ২২টি গেম নিয়ে আত্মপ্রকাশ করেছে স্টাডিয়া।