সোনা আমদানি করতে পারবে ১৮ প্রতিষ্ঠান

বৈধ পথে দেশে সোনা আমদানি করতে একটি ব্যাংকসহ ১৮ প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব প্রতিষ্ঠানকে দুই বছরের জন্য এ লাইসেন্স দেওয়া হয়েছে। এই সময় প্রতিষ্ঠানগুলোর আমদানি কার্যক্রম সন্তোষজনক হলে লাইসেন্স নবায়ন করা হবে।

প্রতিষ্ঠানগুলো হলো মধুমতি ব্যাংক, ডায়মন্ড ওয়ার্ল্ড, জুয়েলারি হাউজ, রতœ গোল্ড কর্নার, অ্যারোসা গোল্ড করপোরেশন, আমিন জুয়েলার্স, শ্রীজা গোল্ড প্লেস লিমিটেড, জড়োয়া হাউজ প্রাইভেট লিমিটেড, মিলন বাজার, এসকিউ ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এম কে ইন্টারন্যাশনাল, আমিন জুয়েলার্স লিমিটেড, বুরাক কমোডিটিস এক্সচেঞ্জ কোং, গোল্ডেন ওয়াল্ড জুয়েলার্স, রিয়া জুয়েলার্স, লক্ষ্মী জুয়েলার্স, বিডিইএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড এবং ডি ড্যামাস দ্য আর্ট অব জুয়েলারি।

এর আগে অবৈধ পথে সোনা আমদানি ঠেকাতে নীতিমালা করেছে সরকার। সেই নীতিমালা বাস্তবায়নে চলতি বছরের ১৯ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সোনার ডিলার নিয়োগের আবেদন করার সুযোগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এ সময় ৪৭টি প্রতিষ্ঠান আবেদন করে। যার মধ্যে ১৮ প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হলো। গত বছর ২৯ অক্টোবর এ নীতিমালা জারি করার পর কীভাবে সোনা আমদানি করা হবে, কারা আমদানি করবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পায় বাংলাদেশ ব্যাংক।