বুরকিনা ফাসোতে গির্জায় সন্ত্রাসী হামলায় নিহত ১৪

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় একটি গির্জায় সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে এএফপি। গত রবিবার দেশটির পূর্বাঞ্চলীয় হানতৌকৌরার ওই গির্জায় প্রার্থনা চলার সময় সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে।

সন্ত্রাসীদের কোনো পরিচয় এখনো জানা যায়নি। কী উদ্দেশ্যে তারা গির্জাটিতে হামলা চালিয়েছে সে বিষয়েও পরিষ্কার কোনো ধারণা দিতে পারেনি দেশটির সরকার। হামলায় বহু লোক আহত হয়েছে বলে আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে।

সশস্ত্র ব্যক্তিরা হামলাটি চালিয়েছে এবং তারা ‘গির্জার পাদ্রি ও শিশুদেরসহ বিশ্বাসীদের হত্যা করেছে’ বলে দেশটির নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে। হামলার পর বন্দুকধারীরা কয়েকটি স্কুটারে করে পালিয়ে যায়।

গত কয়েক বছরে বুরকিনা ফাসোয় বিভিন্ন হামলায় কয়েকশ লোক নিহত হয়েছে। এদের অধিকাংশই জঙ্গিগোষ্ঠীগুলোর হামলার শিকার হয়। দেশটির মালি সীমান্তে এই গোষ্ঠীগুলোর তৎপরতার কারণে নৃগোষ্ঠীগত ও ধর্মীয় উত্তেজনা সৃষ্টি হয়েছে। অক্টোবরে একটি মসজিদে চালানো হামলায় ১৫ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছিল।