নিউজ পোর্টালের নিবন্ধন শুরু আগামী সপ্তাহে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আগামী সপ্তাহ থেকে অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যারা নিবন্ধন পাবে না, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। গতকাল সচিবালয়ের নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, নিবন্ধনের জন্য ৩ হাজার ৫৯৫টি নিউজ পোর্টাল আবেদন করেছে। তাদের দেওয়া তথ্য ও কাগজপত্র যাচাই-বাছাই করার জন্য সব আবেদনপত্র

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়েক শ অনলাইন নিউজ পোর্টালের কাগজপত্র যাচাই-বাছাই করে দেখেছে। সরকার সংশ্লিষ্ট কাগজপত্র পরীক্ষা করে দেখে আগামী সপ্তাহ থেকে অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন দেওয়া শুরু করবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যথাযথ প্রক্রিয়ার মাধমে অনলাইন মিডিয়া চালু করা হবে। নিবন্ধন ছাড়া কেউ অনলাইন নিউজ পোর্টাল চালাতে পারবে না।

বাণিজ্যিকভাবে ফেইসবুক-ইউটিউব চালালে কর দিতে হবে : বাণিজ্যিক উদ্দেশ্যে ইউটিউব চ্যানেল চালালে কর দিতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ইউটিউব-ফেইসবুকসহ সবার সঙ্গে আলোচনা করেছি। তাদের মাধ্যম ব্যবহার করে যে ব্যবসা করা হচ্ছে বা বিজ্ঞাপন যাচ্ছে, সেগুলোতে ট্যাক্স আরোপ করার কথা বলেছি। আমরা এনবিআরের সঙ্গেও কথা বলেছি। সুতরাং বাণিজ্যিক উদ্দেশ্যে কেউ যদি করে সে ক্ষেত্রে অবশ্যই দেশের নিয়ম-ট্যাক্সেশন আইন অনুযায়ী মেনে করতে হবে।’

মোবাইল অপারেটরদের ভিডিও চালানোর লাইসেন্স দেওয়া হয়নি : তথ্যমন্ত্রী বলেন, মোবাইল কোম্পানিগুলো নানা ধরনের ভিডিও কনটেন্ট আপলোড করে ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়ছে, আবার সেখানে বিজ্ঞাপনও নিচ্ছে। এর লাইসেন্স তাদের দেওয়া হয়নি। তাদের মোবাইল নেটওয়ার্ক পরিচালনার লাইসেন্স দেওয়া হয়েছে।

হাসান মাহমুদ বলেন, এটি বন্ধ করতে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা ইতিমধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি দিয়েছি। আন্তঃমন্ত্রণালয় বৈঠকেও আলোচনা করেছি। এটিও একটি শৃঙ্খলার মধ্যে আনতে আমরা বদ্ধপরিকর। এভাবে যে কেউ চাইলেই যেকোনো কিছু লাইসেন্সবিহীন করতে পারে না। তবে যে বিজ্ঞাপন চলছে, সেগুলোর বিষয়ে বিটিআরসি সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

ডাবিং সিরিয়াল প্রচারে অনুমতি দিতে কমিটি : তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন টেলিভিশনে যে বিদেশি সিরিয়াল ডাবিং করে প্রচার করা হচ্ছে, সেগুলো অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করেছি ও অনুমতির জন্য দরখাস্ত করেছে। আমরা অনেকগুলো দরখাস্ত নিষ্পত্তি করেছি। একটি ছবি মুক্তি পেতে হলে তাকে সেন্সরবোর্ড হয়েই আসতে হয়। এই সিরিয়ালগুলো কোনোটা ৫০ পর্ব, কোনোটা ৩০ পর্ব–এ রকম বহু পর্বে ও প্রতিটা পর্ব হচ্ছে এক ঘণ্টা কিংবা আধা ঘণ্টা কিংবা ৪৫ মিনিটের পর্ব। এগুলো পরীক্ষা-নিরীক্ষা ছাড়া অনুমোদন দেওয়া সম্ভব নয়। সে লক্ষ্যে আমরা ইতিমধ্যেই একটি বাছাই কমিটি গঠন করেছি।

তিনি জানান, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের (সম্প্রচার) নেতৃত্বে কমিটিতে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, সারা যাকের, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স প্রতিনিধি, ডিরেক্টরস গিল্ডের একজন প্রতিনিধি, অভিনয় শিল্পী সংঘের একজন করে প্রতিনিধি থাকবেন। একজন উপসচিব সাচিবিক দায়িত্ব পালন করবেন।