আখাউড়ায় নিষ্ক্রিয় করা হল মুক্তিযুদ্ধের সময়ের মর্টার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময়ের একটি পরিত্যক্ত মর্টার মঙ্গলবার নিষ্ক্রিয় করা হয়েছে।

কুমিল্লা ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর একটি বোমা নিষ্ক্রিয়কারী দল মর্টারটি নিষ্ক্রিয় করে। এই সময় কয়েকজন চৌকস সেনা সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার সকাল ১১টায় আখাউড়া পৌরসভার দুর্গাপুর গ্রাম থেকে মর্টারটি উদ্ধার করা হয়েছিল।

ঘটনাস্থলে নিয়োজিত আখাউড়া থানার এসআই তাজুল ইসলাম জানায়, দুর্গাপুর গ্রামের পূর্বপাড়ার সোহরাব মিয়ার (৪০) বসতভিটায় নতুন একটি পাকা বাড়ি নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ করছিলেন। এক পর্যায়ে পরিত্যক্ত অবস্থায় মর্টারটির দেখা মেলে। এই সময় তা দেখতে উৎসুক জনতার ভিড় জমে। প্রশাসন ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থলটি পুলিশ পাহারায় রাখা হয়েছিল।

মঙ্গলবার নিষ্ক্রিয় করার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবি ২৫ ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কবির, আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী প্রমুখ।