ব্যাগে নবজাতকের লাশ

সিরাজগঞ্জে ট্রেনে রাখা ব্যাগ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ৭টার দিকে একটি লোকাল ট্রেন থেকে ওই কন্যাশিশুর লাশটি উদ্ধার করা হয়। তবে ব্যাগটির মালিকানার বিষয়ে কিছুই জানাতে পারেনি কর্তব্যরত জিআরপি পুলিশের সদস্যরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সিলেটের ওসমানীনগরে একটি হাওর থেকে গত সোমবার রাতে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর (২০) অর্ধগলিত ও মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি আকতার হোসেন দেশ রূপান্তরকে জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ওই ট্রেনটি কামারখন্দের জামতৈল রেলস্টেশন ক্রস করার পর নিয়মিত তল্লাশির অংশ হিসেবে তল্লাশি চালায় কর্তব্যরত জিআরপি পুলিশ। এ সময় ট্রেনটির শেষ বগির সিটের ওপর একটি ব্যাগ দেখতে পায় তারা। ব্যাগটি খুলে চেক করতেই সাদা কাপড়ে মোড়ানো একটি পুঁটলি বের হয়ে আসে। আর পুঁটলিটি খুলতেই ওই নবজাতকের লাশ পাওয়া যায়।

সিলেটে অজ্ঞাত তরুণীর মস্তকবিহীন লাশ : সিলেটের ওসমানীনগরে একটি হাওর থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর (২০) অর্ধগলিত ও মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের প্রথমপাশা জুগিডোরা হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়। ওসমানীনগর থানার ওসি মাঈন উদ্দিন দেশ রূপান্তরকে জানান, হাওরে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তরুণীর পরিচয় শনাক্ত ও ঘটনা তদন্তে অভিযান চলছে।