পঞ্চগড়ে রেলমন্ত্রী

শিশুদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে

শিশুদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন এমপি। তিনি বলেছেন, ‘শুধু শিশুর লেখাপড়ার দিকে মনোনিবেশ করলে হবে না, শারীরিক-মানসিক বিকাশেও নজর দিতে হবে।’

গতকাল মঙ্গলবার পঞ্চগড়ের বোদা পৌর এলাকার থানাপাড়ায় বর্ণমালা বিদ্যাপীঠের নতুন নিজস্ব ক্যাম্পাস উদ্বোধন করে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সন্তানদের তথ্য-প্রযুক্তি জ্ঞাননির্ভর শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।’

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বোদা পৌরমেয়র ওয়াহিদুজ্জামান সুজা, বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হোসেন আপেল, অধ্যক্ষ মবিনুল ইসলাম কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের তালতলা গ্রামে আগুনে পুড়ে যাওয়া পরিবারের মধ্যে নগদ অর্থ, চাল ও কম্বল বিতরণ করেন।