নড়াইলে কাদের

শুদ্ধি অভিযান স্তিমিত হয়নি, সময়মতো ব্যবস্থা নেওয়া হবে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার শুদ্ধি অভিযান চলছে। সাংবাদিকরা বলছে শুদ্ধি অভিযান স্তিমিত হয়ে গেছে। শুদ্ধি অভিযান স্তিমিত হয়নি। অভিযান চলছে। যারা অপকর্ম করছে তারা নজরদারিতে আছে। সময়মতো ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল মঙ্গলবার দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু নির্মাণের সাথে সাথে নড়াইলবাসীর প্রাণের দাবি কালনা সেতুর নির্মাণকাজও শেষ হবে। পদ্মা সেতু চালু হলে নড়াইলসহ দক্ষিন-পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার দুয়ার খুলে যাবে। তিনি বলেন, এ সবকিছুই সম্ভব হচ্ছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে। শেখ হাসিনা আছেন বলেই দেশ আজ এগিয়ে চলেছে।

নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলের কর্মীদের মাঝে কোনো ভেদাভেদ নেই। কিন্তু নেতাদের মাঝে ভেদাভেদ রয়েছে। নড়াইলে সভাপতি পদে ৪৭ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩০ জন মনোনয়ন ফরম কিনেছেন। বর্তমানে সবাই নেতা হতে চান।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসকে পুনরায় সভাপতি ও নিজাম উদ্দিন খান নিলুকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কািন্ত ভট্টাচার্য।