আশুলিয়ায় খালে নারীর অর্ধগলিত মরদেহ

আশুলিয়ায় একটি খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর (২২) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে আশুলিয়ার শিমুলিয়া রাঙ্গামাটি এলাকার বিশম খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই নূরুল হুদা ভূঁইয়া জানান, সকালে শিমুলিয়া রাঙ্গামাটি এলাকার বিশম খালে এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সকাল ১০টার দিকে অজ্ঞাতপরিচয় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মরদেহটি ৭/৮ দিন আগের। তবে এটি হত্যা না অন্যকিছু ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।