ইডেন গার্ডেনসে বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের টেস্টে অনবদ্য ১৩৬ রানের ইনিংস খেলার পুরস্কার পেলেন বিরাট কোহলি। বুধবার আইসিসি’র সবশেষ ঘোষিত টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে টপকে শীর্ষে উঠে এসেছেন ভারতের অধিনায়ক।
র্যাঙ্কিংয়ে ৯২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছেন কোহলি। দ্বিতীয়স্থানে অবনমন হওয়া স্মিথের পয়েন্ট ৯২৩। সবশেষ খেলা পাকিস্তানের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ব্যক্তিগত ৩৬ রানের ইনিংসটা অর্ধশতক বা আরও বড় হলে হয়তো শীর্ষস্থান হারানো লাগতো না তাকে।
৮৭৭ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। আগের মতোই চতুর্থস্থানে আছেন ভারতের চেতেশ্বর পূজারা। অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৩৫ রানের ইনিংস খেলা ডেভিড ওয়ার্নার উঠে এসেছেন পঞ্চমস্থানে। ষষ্ঠস্থানে আছে অজিঙ্কা রাহানে।
ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের মুশফিকুর রহিম আছে ২৫তম স্থানে। ঠিক পরেই অবস্থান তামিম ইকবালের।
টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। তার পয়েন্ট ৯০০। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চমস্থান ধরে রেখেছেন যথাক্রমে কাগিসো রাবাদা, জেসন হোল্ডার, নেইল ওয়াগনার ও জাসপ্রিত বুমরাহ।
বোলারদের তালিকায় বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম আছেন ২৪তম স্থানে। ঠিক পরেই অবস্থান মেহেদী হাসান মিরাজ।
বোলারদের মতো অলরাউন্ডারদের তালিকায়ও শীর্ষ পাঁচে পরিবর্তন নাই। শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চমস্থানে আছেন যথাক্রমে রবীন্দ্র জাদেজা, বেন স্টোকস, ভের্নন ফিল্যান্ডার ও রবি চন্দ্রন অশ্বিন। এই তালিকায় চতুর্দশস্থানে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।