আটদিনেও খোঁজ মেলেনি পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের কিশোর ইজিবাইক (অটোরিকশা) চালক সায়েম’র (১২)। এদিকে সায়েমের খোঁজ না পেয়ে বাবা আবুল কালাম ও মা সাহেদা বেগম পুত্রকে ফিরে পেতে ঘুরে বেড়াচ্ছেন দ্বারে দ্বারে। এ ঘটনায় ২৭ নভেম্বর গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ সায়েমের মা সাহেদা বেগম জানান, সংসারের অভাবের কারণে সায়েম অটোরিকশা চালায়। ২৬ নভেম্বর আসরের আজানের সময় সায়েম বাড়ি গিয়ে দুপুরের খাবার খেয়ে আবার রিকশা নিয়ে গলাচিপা পৌর এলাকায় যায়। সায়েম বাড়ি না ফেরায় তার বাবা রাত আটটার দিকে ছেলের খোঁজ নিতে গিয়ে আর সন্ধান পায়নি। রাত আড়াইটার দিকেও বাড়ি না ফিরলে সবাই চিন্তিত হয়ে পড়েন। বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হলেও সাতদিন ধরে সায়েমকে পাওয়া যাচ্ছে না।
কিন্তু ঘটনার তিনদিন পর লোক মারফত খবর পায়, সায়েম যে রিকশা চালাচ্ছিল সেই রিকশা গলাচিপা পৌর এলাকার পানির ট্যাংকের রোড এলাকায় পাওয়া গেছে। কিন্তু সায়েমের খবর নেই।
গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ বলেন, সায়েম নিখোঁজ হওয়ার পর ২৭ নভেম্বর গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় অভিযান ও অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। সায়েমকে পেলে আশা করি রহস্য উন্মোচন হবে।