মাটির নিচে ৫ বস্তা কয়েন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুরে মাটি খুঁড়ে পাঁচ বস্তা কয়েন পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে বাজারের মৃদুল সাহা (৩৫) নামের এক মুদিদোকানির দোকানের নিচে পাঁচ বস্তা কয়েন পাওয়া যায়।

এ বিষয়ে দোকানি মৃদুল হোসেন জানান, তার বাড়ি উপজেলার হরিনাথপুর সাহাপাড়া গ্রামে। মঙ্গলবার বিকেলে দোকানে আসা ক্রেতাদের বসার মাচালটি ভেঙে যায়। বুধবার সকালে নতুন করে মাচাল তৈরির জন্য মাটি খুঁড়তে গেলে মাটির নিচে একের পর এক কয়েনের বস্তা দেখতে পাওয়া যায়। এর মধ্যে রয়েছে ১, ২ ও ৫ টাকার কয়েন।

তিনি জানান, কমপক্ষে পাঁচ বস্তা কয়েন উদ্ধার করা হয়েছে। তার দাবি, দীর্ঘ দিন ধরে তিনি এখানে ব্যবসা করায় দোকানের ফাঁক দিয়ে এ কয়েনগুলো পড়ে মাটির নিচে চাপা পড়ে। পরে তিনি কয়েনগুলো একটি ভ্যানযোগে নিজ বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে কাজিপুর থানার ওসি লুৎফর রহমান জানান, পাঁচ বস্তা পয়সা উদ্ধারের কথা শুনেছি। এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে এ ঘটনা ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।