শেরপুরে ঘুষের টাকাসহ সাবরেজিস্ট্রার আটক

শেরপুরের শ্রীবরদীতে সাবরেজিস্ট্রার মো. আবদুর রহমান ভূঁইঞাকে ঘুষের টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গতকাল বুধবার সন্ধ্যায় দুদক কর্মকর্তারা তার কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে নগদ ৯৫ হাজার ৫০০ টাকা জব্দ করেন দুদক কর্মকর্তারা। আটক আবদুর রহমানের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। তিনি ২০১৮ সালের ২ এপ্রিল শ্রীবরদীতে সাবরেজিস্ট্রার হিসেবে যোগ দেন।

দীর্ঘদিন ধরে দলিল নিবন্ধনের জন্য ঘুষ লেনদেন ও সেবাগ্রহীতাদের হয়রানি করার অভিযোগে গতকাল সন্ধ্যায় দুদক এই অভিযান পরিচালনা করে। দুদকের উপপরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে দুদক কর্মকর্তারা সাবরেজিস্ট্রার আবদুর রহমানের অফিস কক্ষে অভিযান চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ৯৫ হাজার ৫০০ টাকা জব্দ করেন। অভিযানের সময় শ্রীবরদী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

দুদক সমন্বিত কার্যালয় টাঙ্গাইলের উপপরিচালক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, আটক আবদুর রহমানের নামে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।