গোপালগঞ্জের উলপুর বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকালে সদর উপজেলার উলপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে
গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাতে উলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য রাউথ খামার গ্রামের রহমত মোল্যা ও ৬ নম্বর ওয়ার্ড সদস্য উলপুর গ্রামের রেজাউল মোল্যার সমর্থকেরা বিলে মাছ ধরতে যায়। এ সময় মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে।
পরে বুধবার সকালে ৯ নম্বর ওয়ার্ড সদস্য রহমত মোল্যার ভাই জিলকদসহ কয়েকজন উলপুর বাজারে মাছ বিক্রি করতে গেলে রেজাউল মোল্যার সমর্থকেরা তাদের মারধর করে।
এর জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে মারাত্মক আহত ৭ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।