চৌদ্দগ্রামে কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১১ লাখ টাকা লুট

কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১১ লক্ষাধিক টাকা লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার ভোররাতে উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজারের কৃষি ব্যাংকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, এএসপি (সার্কেল) সাইফুল ইসলাম সাইফ, চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজসহ পুলিশ, ডিবি ও পিবিআইর কয়েকটি টিম। এ ঘটনায় ব্যাংকটির ব্যবস্থাপক শাকির ছালেহীন বাদী হয়ে নাইটগার্ড সেলিমকে (৩২)

আসামি করে মামলা করেছেন। তিনি জানান, পুলিশ সেলিমকে আটক করেছে। এছাড়া শাহাজাহান (৩৮) নামে আরেক নাইটগার্ডকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

চৌদ্দগ্রাম থানার ওসি জানান, দুর্বৃত্তরা মিয়াবাজারের সালমান হায়দার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত কৃষি ব্যাংকের পেছন দিকের একটি জানালার গ্রিল কেটে ঢুকে ভল্টের তালা ভেঙে ১১ লক্ষাধিক টাকা লুট করেছে। মামলায় বলা হয়েছে, দুর্বৃত্তরা ভল্টের ১১ লাখ ১৩ হাজার ১৩৩ টাকা নিয়ে গেছে। রাতে গার্ডের দায়িত্বে থাকা মিয়াবাজার এলাকার আশ্রাফপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে সেলিম (৩২) বাড়িতে গিয়ে ঘুমিয়েছিলেন। গতকাল সকালে পিয়ন আবু তাহের ব্যাংকের দরজা খুলে ভল্ট ভাঙা দেখে কর্মকর্তাদের ফোনে জানান। কৃষি ব্যাংক কুমিল্লা অঞ্চলের জিএম আমিনুল ইসলাম জানান, তার ধারণা সিকিউরিটি গার্ড সেলিম দায়িত্বে অবহেলা করায় চুরির ঘটনা ঘটেছে।