ভেবেছিলাম পঞ্চমটিই তার শেষ ব্যালন ডি’অর: মেসির মা

লিওনেল মেসি ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জেতায় বিস্মিত তার মা সেলিয়া সুসিত্তিনি। কারণ, পাঁচবারের পর ছেলে সম্মানজনক পুরস্কারটি আবার জিততে পারবে বলে মনে করেননি তিনি।

লিভারপুলের ভার্জিল ফন ডাইক, সাদিও মানে ও জুভেন্তাসের ক্রিস্তিয়ানো রোনালদোকে টপকে এবারের ব্যালন ডি’অ নিজের করে নেন মেসি। রোনালদোকে টপকে সর্বোচ্চ ষষ্ঠবারের মতো পুরস্কারটি জিতে রেকর্ড গড়েন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

২০১৫ সালে পঞ্চমবারের মতো পুরস্কারটি জিতেছিলেন মেসি। সুসিত্তিনির ধারণা ছিল ওটাই তার ছেলের শেষ ব্যালন ডি’অর জয়। ষষ্ঠবারের মতো মেসি ব্যালন ডি’অর জেতায় আনন্দ বাঁধ মানছে না তার।

মেসির আবার ব্যালন ডি’অ জয় নিয়ে সিএনএন রেডিও আর্জেন্টিনাকে সুসিত্তিনি বলেন, “আমি অনেক খুশি। সে এটা জিতবে বলে আমরা আশা করিনি। আমরা ভেবেছিলাম, পঞ্চমটাই শেষ হতে পারে। এবারের জয়টা বিস্ময় ছিল।”

“সে সবসময় আমাকে উজ্জীবিত করে। অর্জনগুলো দিয়ে প্রতিদিনই সে আমাদের বিস্মিত করে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, সে অসাধারণ একজন মানুষ। এটাই আসল ব্যাপার।”