অবৈধভাবে প্রবেশের সময় কুলাউড়া সীমান্তে আটক ৩

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তিনজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার শরীফপুর লালারচক সীমান্তের শূন্যরেখার এক শ গজের ভেতর থেকে তাদের আটক করে বিজিবি শরীফপুর আমতলা ক্যাম্পের বিজিবি সদস্যরা। রাত ৮টার দিকে তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করেছে বিজিবি।

বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুরে শরীফপুর আমতলা ক্যাম্পের বিজিবি ৪৬ ব্যাটালিয়নের সহকারী কমান্ডার হাসিবুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল লালারচক সীমান্তের শূন্য রেখা থেকে তিনজনকে আটক করেন। আটকরা হলেন কুড়িগ্রামের পশ্চিম ছাদ গোলাপপুর এলাকার ফজলুল হকের ছেলে মো. রুবেল মিয়া, বগুড়ার পান্নাপাড়া এলাকার হাবিবুর মন্ডলের ছেলে মো. আরিফুল মন্ডল, সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ এলাকার মৃত হাওলাদ সূত্রধরের ছেলে বাবু সূত্রধর।

বিজিবি আরো জানায়, রুবেল মিয়া ও আরিফুল মন্ডল এক বছর ধরে ভারতের ব্যাঙ্গালোরে একটি গার্মেন্টসে চাকরি করছেন এবং বাবু সুত্রধর কিছুদিন আগে ভারতে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। এ ঘটনায় বিজিবি ৪৬ ব্যাটালিয়নের সহকারী কমান্ডার হাসিবুল ইসলাম বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হবে।

বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক বৃহস্পতিবার রাতে জানান,  ভিসা পাসপোর্ট ছাড়া অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তিনজনকে আটক করা হয়। তারা অনুপ্রবেশকারী নন। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা করা হবে।