বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

‘অভিগম্য আগামীর পথে’ এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত হয়েছে। পিছিয়ে থাকা প্রতিবন্ধীদের মূলধারায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর কালীবাড়ি রোডে সমাজসেবা কার্যালয় চত্বরে দিনব্যাপী ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরিশাল জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সমাজসেবা উপ-পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আ. রাকিব, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম, সমাজসেবা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গির, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা আগৈলঝাড়া শাখার নির্বাহী পরিচালক বদিউল আলম।

আলোচনা শেষে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান ২৪ জন প্রতিবন্ধী শিশুর মাঝে পুরস্কার তুলে দেন। এর আগে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন শহর প্রদক্ষিণ করে সমাজসেবা কার্যালয়ে গিয়ে শেষ হয়।