পূর্বাচলে ‘সেন্ট্রাল বিজনের ডিস্ট্রিক্ট’ নির্মাণে পাওয়ারপ্যাক-কাজিমা কনসোর্টিয়ামের সঙ্গে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চায়না এনার্জির ৩৬০ কোটি ডলারের প্রকৌশল, ক্রয় ও নির্মাণ (ইপিসি) চুক্তি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় চুক্তিমূল্যের পরিমাণ প্রায় ৩০ হাজার ৬০০ কোটি টাকা। এটিই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের ইপিসি চুক্তি বলে জানা গেছে।
রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহরের ‘সেন্ট্রাল বিজনের ডিস্ট্রিক্ট’ (সিবিডি)-এর একাংশের অর্থায়ন ও উন্নয়ন করবে চীনা প্রতিষ্ঠানটি। গত বুধবার চীনের রাজধানী পেইচিংয়ে চায়না এনার্জির প্রধান কার্যালয়ে পাওয়ারপ্যাক হোল্ডিংস ও কাজিমা করপোরেশন কনসোর্টিয়ামের মধ্যে এই চুক্তি সই হয়। পাওয়ারপ্যাক হোল্ডিংস ও কাজিমা করপোরেশন কনসোর্টিয়ামের পক্ষে পাওয়ারপ্যাক হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার এবং চায়না এনার্জি কোম্পানির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ঝাং হংমিং এতে সই করেন। পাওয়ারপ্যাক হোল্ডিংস সিকদার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান।
পূর্বাচলের সিবিডির অন্যতম আর্কষণ হবে ‘আইকনিক টাওয়ার’। এখানকার আকাশচুম্বী ভবনগুলোয় অত্যাধুনিক অফিস স্পেস, বিজনেস সেন্টার, বাণিজ্যিক এলাকা, ব্র্যান্ড ও খুচরা দোকান, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, একাধিক ৫-৬ তারকা হোটেল, কনভেনশন সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র, হাসপাতাল, আন্তর্জাতিক স্কুল ও শপিং মল ঢাকাকে বিশ্বের আধুনিক নগরীর কাতারে নিয়ে যাবে।
এছাড়া পূর্বাচল নতুন শহরের মহাপরিকল্পনা অনুযায়ী এখানে ৫০ হাজার দর্শক ধারণক্ষমতার আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, ইকো-পার্ক ও গলফ কোর্স ট্রেনিং সেন্টার স্থাপিত হবে।
গত বছরের ডিসেম্বরে পাওয়ারপ্যাক হোল্ডিংস ও কাজিমা করপোরেশেন কনসোর্টিয়ামের কাছে আনুষ্ঠানিকভাবে রাজউক ১০০ একর জমি হস্তান্তর করেছে।