মৌরিতানিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীবাহী একটি জাহাজ ডুবে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার এ ঘটনা ঘটেছে বলে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থার বরাতে জানিয়েছে বিবিসি। গাম্বিয়া থেকে ছেড়ে আসা জাহাজটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম), জ্বালানি কমে আসায় অভিবাসনপ্রত্যাশীবাহী নৌযানটি মৌরিতানিয়ায় আসার চেষ্টা করছিল। তখন সেটি ডুবে যায়। পরে ৮৩ জন সাঁতরে তীরে আসতে সক্ষম হয়েছেন। মৌরিতানিয়া কর্র্তৃপক্ষ তাদের উত্তরাঞ্চলের শহর নুয়াডিবাউতে আসা অভিবাসীদের সহায়তা করেছে।
জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা জানায়,
চলতি বছরে নিজেদের ভাগ্য বদলে ঝুঁকিপূর্ণভাবে ইউরোপ যাত্রাপথে যতগুলো মৃত্যুর ঘটনা ঘটেছে, তার মধ্যে এটি সবচেয়ে ভয়াবহতম।
আইওএম তথ্যমতে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে ২০১৭ সালে প্রায় তিন হাজার অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। একে শরণার্থীদের জন্য সবচেয়ে বিপজ্জনক পথ মনে করা হয়। ২০০০ সালের পর থেকে থেকে এখন পর্যন্ত ৩৪ হাজার অভিবাসনপ্রত্যাশী এই পথে ডুবে মারা গেছে কিংবা নিখোঁজ রয়েছে। পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার এই জলপথটি একসময় কাজ ও সমৃদ্ধিপ্রত্যাশী অভিবাসীদের অন্যতম প্রধান রুট ছিল। ২০০০ সালের মাঝামাঝি থেকে স্পেন এ জলপথে টহল বাড়ানোর পদক্ষেপ নেওয়ার পর থেকে এর রুটে অভিবাসনপ্রত্যাশীদের আনাগোনা কমে এসেছে।