র্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিতুমীর হলের ৮ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার ও ৬ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এক ছাত্রকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক এবং বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনের সদস্য সচিব মিজানুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই শাস্তির কথা জানানো হয়েছে। এর আগে গত ২২
নভেম্বর আবরার ফাহাদ হত্যায় জড়িত ২৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়। ২৮ নভেম্বর র্যাগিংয়ে জড়িত থাকায় আরও ২৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে প্রশাসন। সর্বশেষ গতকাল আরও ১৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হলো।
আজীবনের জন্য বহিষ্কার শিক্ষার্থীরা হলেন মো. তানভীর হাসনাইন, মির্জা মোহাম্মদ গালিব, মো. জাহিদুল ইসলাম, মো. মুস্তাসিন মঈন, আসিফ মাহমুদ, মুনতাসির আহমেদ খান, মহিবুল্লাহ হক, আনফালুর রহমান।
বিভিন্ন মেয়াদে আবাসিক হল থেকে বহিষ্কারাদের মধ্যে আছেন মো. জাহিদুল ইসলাম, জিহাদুর রহমান, মো. এহসানুল সাদ, আবিদউল কামাল, মোহাম্মদ সায়াদ ও মাহমুদুল হাসান। এ ছাড়া তিতুমীর হলের ছাত্র মো. হাসিবুল ইসলামকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।